কেমিক্যাল মিশিয়ে জুস-এডিবেল জেলি তৈরি, লাখ টাকা জরিমানা
2026-03-09 - 11:44
শরীয়তপুরের ভেদরগঞ্জে বিষাক্ত কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ মিশিয়ে নিম্নমানের জুস ও এডিবেল জেলি তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আরশিনগর এলাকায় ‘ফিডা ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আরশিনগর এলাকায় জাবরুল এস এম হক নামের এক ব্যক্তি কারখানার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ মিশিয়ে জুস ও এডিবেল জেলি তৈরি করে আসছিল। বিষয়টি জানতে পেরে সোমবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ ও সার্বিক সমন্বয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব পণ্য জব্দ শেষে ধ্বংস করা হয়। এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কেমিক্যাল ও অনুমোদনহীন রং মিশিয়ে জুস ও এডিবেল জেলি তৈরি করছিল। আজ কারখানাটিতে অভিযান চালিয়ে এসব পণ্য ধ্বংসের পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিধান মজুমদার অনি/কেএইচকে/এমএস