TheBangladeshTime

গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে

2026-03-05 - 10:44

গণভোটের রায় যদি কোর্ট পর্যন্ত নিয়ে যায়, তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শিবির সভাপতি বলেন, ‌‘নির্বাচনের পরে যে দলটি ক্ষমতায় গিয়েছে, তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে প্রচণ্ড গড়িমসি করছেন। এর আগে তারা জুলাই সনদে (বৈঠকে) অংশগ্রহণ করেছেন, সই করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে দিনের পর দিন আলোচনায় অংশ নিয়েছেন। তারা যে বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করেছেন, সেখানে ঐকমত্যের ভিত্তিতে গণভোটের আয়োজন করা হয়েছিল। এই গণভোটের রায়কে আবার চ্যালেঞ্জ করে পরবর্তীতে হাইকোর্টে আমরা রিট দায়ের করতে দেখলাম। এই রিট দায়ের করার ক্ষেত্রে যেসব আইনজীবী অংশ নিয়েছিলেন এবং যিনি রিট করেছেন, তিনি বিএনপিমনা বা বিএনপি সমর্থিত। আমরা এটার ধিক্কার জানাই।’ নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘জুলাইয়ে এত রক্তের বিনিময়ে যে বিপ্লব সংঘটিত হয়েছিল, যে বিপ্লব তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিল, যে বিপ্লবের মাধ্যমে তারা দেশে আসতে পারলো, এতগুলো রক্তের ওপর দাঁড়িয়ে তারা কীভাবে সেই রক্তের সঙ্গে বেইমানি করতে পারেন! আমরা লজ্জিত।’ তিনি বলেন, ‘গণভোটের রায় জনগণের রায়। এই রায়কে তারা যদি কোর্ট পর্যন্ত নিয়ে যান, তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে। তরুণ প্রজন্ম তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না।’ এসময় কিশোর কণ্ঠের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোহাইমেন, লেখক ড. আহসান হাবীব ইমরোজ, ডা. সিফাত সালেহ, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরীর চেয়ারম্যান হাসান আহমেদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, উপদেষ্টা কাজী আকিব আব্দুল্লাহ, কুমিল্লা মহানগরীর পরিচালক ফরহাদ হোসেন জারিফ উপস্থিত ছিলেন। জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

Share this post: