TheBangladeshTime

তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, কী বলছে ন্যাটো?

2026-03-04 - 13:43

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের কঠোর সমালোচনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে বলেন, তুরস্ককে লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা জানাচ্ছে ন্যাটো। তিনি বলেন, ইরান যখন অঞ্চলজুড়ে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে, তখন তুরস্কসহ সব মিত্র দেশের পাশে দৃঢ়ভাবে রয়েছে ন্যাটো। হার্ট আরও বলেন, ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা সব ক্ষেত্রে শক্তিশালী রয়েছে, বিশেষ করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। তুরস্ক ন্যাটোর সদস্য দেশ হওয়ায় জোটের সমন্বিত প্রতিরক্ষা নীতির আওতায় পড়ে। অর্থাৎ তাদের ভূখণ্ডে সরাসরি কোনো হামলা হলে ন্যাটোর ‘আর্টিকেল ৫’ সক্রিয় হতে পারে, যার অর্থ—তুরস্কের ওপর হামলা মানে পুরো ন্যাটোর ওপর হামলা। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় জেলা ডর্টিওলে পড়েছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা কেএএ/

Share this post: