জাবি ছাত্রী খাদিজা হত্যায় স্বামী ফাহিম দুদিনের রিমান্ডে
2026-03-24 - 12:02
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যা মামলায় তার স্বামী ফাহিম আল হাসানকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহীদুজ্জামান গত ১৬ মার্চ পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তখন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও পুনরায় রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ ধার্য করেন। আরও পড়ুন ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার মামলার অভিযোগ অনুযায়ী, শারমিন জাহান খাদিজা জাবির লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী ফাহিম আল হাসান ঢাকার একটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত বছরের জুনে তারা পরিবারের অগোচরে বিয়ে করেন। এরপর তারা ইসলামনগরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। জানানো হয়, গত ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে ফাহিম অজ্ঞাতপরিচয় সহযোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা ফাহিমকে রাতেই ইসলামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এমডিএএ/বিএ