ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর কারাদণ্ড
2026-02-20 - 12:03
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস (২৯) জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনি কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস সরকারি আদেশ অমান্য করে পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন। এসকে রাসেল/কেএইচকে/এএসএম