শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
2026-03-28 - 19:01
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ১০টা ৫২ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহাগামী একটি ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট। তবে এদিন সম্পূর্ণভাবে ফ্লাইট চলাচল বন্ধ ছিল না। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৫টি ফ্লাইট এবং ৪টি বহির্গমন ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে আজকের ৭টি ফ্লাইটসহ মোট ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/এনএইচআর