TheBangladeshTime

দিল্লিতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করলো ভারত

2026-03-28 - 10:31

রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে ভারত। দেশের বিমান শিল্প দ্রুত সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে। খবর এএফপির। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি শহর থেকে ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দূরে অবস্থিত এবং প্রাথমিক পর্যায়ে এটি বছরে ১ কোটি ২০ লাখ যাত্রীকে পরিষেবা দেবে, যা ভবিষ্যতে ৭ কোটি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কার্গোও পরিচালনা করবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এর কার্যক্রম বাড়ানোর সক্ষমতা রয়েছে। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এর ১৪০ কোটি মানুষ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ দেশটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাজারে পরিণত হওয়ার পথ খুলে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই বিমানবন্দরটির উদ্বোধন করেছেন। এটি উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত একটি গ্রিনফিল্ড প্রকল্প। আনুমানিক ২৪ কোটি ৩০ লাখ জনসংখ্যা নিয়ে এটি দেশের সবচেয়ে জনবহুল রাজ্য। মোদী বলেন, তিনি আশা করেন এই বিমানবন্দরটি বৃহত্তর দিল্লি অঞ্চলের প্রবেশদ্বার হয়ে উঠবে এবং সম্পূর্ণরূপে চালু হলে প্রতি দুই মিনিটে একটি করে ফ্লাইট উড্ডয়ন করবে। এই বিমানবন্দরটি পশ্চিম উত্তর প্রদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের জন্য সুযোগ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি। এটি কেন্দ্র থেকে ১৫ কিলোমিটার (নয় মাইল) দূরে অবস্থিত বর্তমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূরক হবে।মোদীর কার্যালয় থেকে বলা হয়েছে, একসাথে দুটি বিমানবন্দর একটি সমন্বিত বিমান চলাচল ব্যবস্থা হিসাবে কাজ করবে, যা যানজট কমাবে, যাত্রী ধারণক্ষমতা বাড়াবে এবং দিল্লি এনসিআর-কে (জাতীয় রাজধানী অঞ্চল) বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিমান শিল্প খাতের উন্নয়ন মোদীর কাছে একটি অগ্রাধিকার ছিল এবং তিনি ছোট শহর ও বড় শহরগুলোর মধ্যে বিমান সংযোগ বাড়ানোর জন্য একটি উদ্যোগ শুরু করেছিলেন। বিমান চলাচল মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত দশকে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে — ২০১৪ সালের ৭৪টি থেকে বেড়ে ২০২৪ সালে ১৫৭টি হয়েছে। টিটিএন

Share this post: