TheBangladeshTime

গুলশানে জমজমাট অভিজাত ইফতার বাজার

2026-03-03 - 11:44

রাজধানীর গুলশান এলাকার রাস্তাঘাট ও অলিগলিতে জমে উঠেছে অভিজাত ইফতারির বাজার। বাহারি আয়োজন আর মুখরোচক স্বাদের লোভে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। ইফতারে ভিন্নতা আনতে অনেকেই বেছে নিচ্ছেন এখানকার বিশেষ ইফতারসামগ্রী। স্বাস্থ্য সচেতন ক্রেতাদের আগ্রহ বেশি ‘হেলদি’ ইফতারির দিকে। অভিজাত এলাকায় ইফতারির দাম তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ করেছেন অনেকে। বিকেল গড়াতেই বড় বড় কড়াইয়ে গরম তেলে ভাজা শুরু হয় বিভিন্ন ইফতার আইটেম। ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ক্রেতাদের ভিড় ততই বাড়তে থাকে। ফলে মুখর হয়ে ওঠে পুরো গুলশান এলাকা। বিক্রেতারা জানান, প্রায় ১৯ বছর ধরে তারা এই এলাকায় ইফতারি বিক্রি করে আসছেন। গুলশানের বাসিন্দারা যেমন এখান থেকে ইফতারি নিচ্ছেন, তেমনি আশপাশের অফিস-আদালতের কর্মীরাও এখান থেকেই ইফতার সংগ্রহ করছেন। ক্রেতারা জানাচ্ছেন, এখানকার খাবারের মূল্য তুলনামূলক স্বস্তিকর, যেহেতু সবার উপার্জন এক না। সব মিলিয়ে, স্বাদ, আয়োজন আর আধুনিকতার মিশেলে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় ইফতার বাজারে চলছে জমজমাট বেচাকেনা। এমআইএইচএস/

Share this post: