TheBangladeshTime

সকাল থেকে সিলেটের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড়

2026-02-12 - 04:26

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট দিতে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা গেছে সিলেটের নারী ভোটারদের। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানঠুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, পিটিআই ভবন, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ সব কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শাহজালাল জামেয়া কেন্দ্রে ভোট দিতে আসা পারভীন আক্তার বলেন, সকাল সকাল ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে ভোটাররা উচ্ছ্বাস নিয়ে কেন্দ্রে আসছেন। নারী ভোটারদের সংখ্যা বেশি। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। সকাল ৯টা পর্যন্ত আমাদের কেন্দ্রে ২ শতাধিক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এসএইচ জাহিদ/এনএইচআর/এএসএম

Share this post: