TheBangladeshTime

বগুড়ায় নোংরা পরিবেশে সেমাই তৈরি, দুই লাখ টাকা জরিমানা

2026-03-09 - 03:44

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করায় ডলি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় উপজেলার বারদুয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার, ক্যাব এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ জেলা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অভিযানকালে দেখা যায় ডলি ফুড প্রোডাক্টস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, ঝুরিভাজা ও নিমকি মনেক্কা তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই তৈরি করা হচ্ছে। পাশাপাশি পোড়া তেল ও ডালডা সেমাই তৈরিতে ব্যবহার করতে দেখা যায়। এসব অপরাধে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের মধ্যে কারখানার অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়। এফএ/জেআইএম

Share this post: