TheBangladeshTime

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি

2026-03-26 - 05:11

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন—তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে এই কুচকাওয়াজ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এবার স্বাধীনতা দিবসে জাঁকজমকভাবে এ আয়োজন করতে রোজার শুরু থেকে প্যারেড স্কয়ার মাঠে প্রস্তুতি শুরু হয়। আজ কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করতে শিশু-কিশোরসহ নানান বয়সী হাজারো দর্শণার্থী জাতীয় প্যারেড স্কয়ারে জড়ো হয়েছেন। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় লাল-সবুজের জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এমকেআর

Share this post: