পাগলী সাজে ভাইরাল কেয়া পায়েলের সেই নাটকটি এখন পর্যন্ত দেখলেন কতজন?
2026-03-27 - 16:11
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার ঈদে হাজির হয়েছেন ভিন্নধর্মী এক চরিত্রে। ‘বাতাসের ফুল’ নাটকে পাগলের লুকে তার অভিনয় এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এলোমেলো চুল, ময়লা পোশাক আর মুখজুড়ে কালচে মেকআপ-প্রথম দেখায় অনেক দর্শকই চিনতে পারেননি এই অভিনেত্রীকে। নাটকটি গত ২৪ মার্চ ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২৭ মার্চ রাত সাড়ে নয়টা পর্যন্ত নাটকটি দেখেছেন ৩৫ লাখ ৫৫ হাজার ৭৭০ জন দর্শক, যা এটিকে এরই মধ্যেই আলোচিত কনটেন্টে পরিণত করেছে। পরিচালক ফরহাদ ঈশান নির্মিত এই নাটকে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও এটি দেখা যাচ্ছে। নাটকটি নিয়ে কেয়া পায়েল বলেন, “এই চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। পুরো নাটকে নয়, গল্পের এক পর্যায়ে আমার চরিত্র পাগল হয়ে যায়। শুটিংয়ের সময় মজা করে কিছু ভিডিও করেছিলাম, সেগুলোই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নাটকটি দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন আমি পাগল হয়েছিলাম।” তিনি আরও জানান, পাগলের চরিত্রে অভিনয় করা ছিল বেশ চ্যালেঞ্জিং। “একজন শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করতে সবসময় আগ্রহী। অনেকেই বলছেন, চরিত্রটি একেবারে বাস্তব মনে হয়েছে- এটাই আমার জন্য বড় প্রাপ্তি”- যোগ করেন এই অভিনেত্রী। আরও পড়ুন: ছুটে চলেছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি আসিফকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন মিল্টন খন্দকার এদিকে, এই ঈদে কেয়া পায়েল অভিনীত প্রায় ১০টি নাটক বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। দর্শকদের ভালোবাসাই তার কাজের সবচেয়ে বড় প্রেরণা বলে মনে করেন তিনি। এমএমএফ