TheBangladeshTime

নগর ভবনে তালা দেওয়ার জবাব জনগণ ব্যালটে দেবে: ড. আব্দুল মান্নান

2026-02-09 - 14:26

৪০ দিন নগর ভবন তালা দিয়ে রাখার জবাব ঢাকা-৬ আসনের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. আব্দুল মান্নান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৬ নির্বাচনি এলাকায় স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আব্দুল মান্নান বলেন, ‘যেই সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে পরাজিত করেছেন, সেই সাদেক হোসেন খোকার পুত্রের চাঁদাবাজির জবাব জনগণই দেবে। ঢাকা-৬ এর জনগণ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস পছন্দ করে না। আগামী নির্বাচনে তারা এসবের বিরুদ্ধে এক নতুন ইতিহাস রচনা করবে।’ নির্বাচিত হলে তিনি ঢাকা-৬ সংসদীয় এলাকা মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করে এক নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর হিসেবে গড়ে তুলবেন বলে জানান। ড. আব্দুল মান্নান বলেন, আর অবহেলা হবে না। পুরান ঢাকা আধুনিক হবে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে ড. আব্দুল মান্নানের নেতৃত্বে ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে গণমিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এতে মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এমডিএএ/ইএ

Share this post: