অনুমতি ছাড়া পুকুর খনন করে মাটি বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা
2026-03-03 - 15:34
যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন করার অভিযোগে মিলন হোসেন (২২) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। এর আগে ওই গ্রামের জনৈক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে এ বিষয়ে অভিযোগ করেন। আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া যাত্রাপুর গ্রামের একটি পুকুর খনন (সংস্কার) করে মাটি অন্যত্র বিক্রি করছেন এমন অভিযোগ যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে। সেখান থেকে চৌগাছা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। পরে চৌগাছা থানার ইনস্পেক্টর (তদন্ত) নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার স্কেভেটর ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি ট্রাক জব্দ এবং কাজের সঙ্গে জড়িতদের আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। মিলন রহমান/কেএইচকে/এমএস