TheBangladeshTime

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

2026-03-20 - 09:40

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নাকাল করেছিল নিউজিল্যান্ডকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিশোধ নিয়ে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। এবার তারা ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ১৩৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানে ৬ উইকেট হারানোর পর আর লড়াইয়ে ফিরতে পারেনি সফরকারী দল। প্রথম ছয় ব্যাটারের কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। জর্জ লিন্ডে ১৯ বলে ২৩ আর শেষদিকে এনকুবানি মুকুয়েনা ২০ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসে দলকে ১৩৬ পর্যন্ত নিয়ে যান। কাইল জেমিসন, বেন সিয়ার্স আর মিচেল স্যান্টনার নেন ২টি করে উইকেট। লুকি ফার্গুসন ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে প্রোটিয়াদের আটকে রাখায় বড় ভূমিকা রাখেন। জবাবে ১৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে আর টম ল্যাথাম উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৯৬ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। কনওয়ে ২৬ বলে ৩৯ রানে আউট হন। ৫৫ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ল্যাথাম। এমএমআর

Share this post: