TheBangladeshTime

যাত্রীদের স্বস্তিতে সদরঘাটে ফ্রি কুলি ও ট্রলি সেবা চালু

2026-03-16 - 08:03

নতুন সরকারের সময়ে যাত্রীসেবায় পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য ফ্রি কুলি (প্রোটার) সেবা, ট্রলি ও হুইলচেয়ারসহ নানা সুবিধা চালু করা হচ্ছে। বিআইডব্লিউটির বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জাগো নিউজকে বলেন, নতুন সরকারের সময়ে যাত্রীদের কল্যাণে আরও উন্নত সেবা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগে সদরঘাটের ওপরের অংশ কিছুটা পরিচ্ছন্ন থাকলেও ভেতরের অবস্থা তেমন ভালো ছিল না। এবার পুরো এলাকায় পরিবর্তন আনার চেষ্টা করেছি। এখন সদরঘাট অনেক বেশি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। সরেজমিনে এলে সেই পরিবর্তন বোঝা যাবে। বন্দর পরিচালক জানান, ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে পাঁচ দিন মোট ১০ দিনের জন্য ফ্রি কুলি (প্রোটার) সেবা দেওয়া হবে। এসব কুলিদের বিআইডব্লিউটিএ নিজস্বভাবে মজুরি দিয়ে নিয়োগ দিয়েছে, যেন যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। তিনি আরও জানান, যাত্রীদের মালামাল বহনের সুবিধার্থে ১০০টি ট্রলি রাখা হয়েছে, যেগুলো বিমানবন্দর থেকে আনা হয়েছে। যাত্রীরা চাইলে নিজেরাই এসব ট্রলি ব্যবহার করতে পারবেন। অসুস্থ, অক্ষম ও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে যেখানে সীমিত সংখ্যক হুইলচেয়ার ছিল, এবার সদরঘাটের ২০টি গেট এলাকায় মোট ৪০টি হুইলচেয়ার রাখা হবে। এসব ব্যবহারে সহায়তা করবেন ক্যাডেট সদস্যরা। ঈদযাত্রার চাপ সামাল দিতে সদরঘাটে অতিরিক্ত আরও দুটি ঘাট চালু করা হয়েছে বলেও জানান বন্দর পরিচালক। এদিকে ঈদ উপলক্ষে যাত্রীদের স্বস্তি দিতে লঞ্চ মালিকরা ভাড়া ১০ শতাংশ কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বন্দর পরিচালক বলেন, সব মিলিয়ে নতুন সরকারের সময়ে আমরা চেষ্টা করছি নদীপথের যাত্রীদের জন্য আরও উন্নত ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে। এমডিএএ/এমআরএম

Share this post: