‘বাংলাদেশের প্রয়োজনেই মিডল অর্ডারে লিটনের থিতু হওয়া গুরুত্বপূর্ণ’
2026-03-18 - 13:41
ওয়ানডেতে ওপেনিংয়ে টানা ব্যর্থ হচ্ছিলেন লিটন কুমার দাস। এরপর পাকিস্তান সিরিজে তাকে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনা করা হয়। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৪ নম্বরে ব্যাটিং করেছেন লিটন। দুই ম্যাচেই ৪১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। দলের প্রয়োজনেই লিটনের দলে থিতু হওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হওয়া আশরাফুলের মতে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দীর্ঘ অনুপস্থিতিতে মিডল অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে লিটনের মতো অভিজ্ঞ কাউকে প্রয়োজন। তিনি বলেন, ‘অবশ্যই, দেখুন- লিটনের দলে থিতু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সে টি-টোয়েন্টি অধিনায়ক এবং টেস্টেও তার রেকর্ড চমৎকার। ওয়ানডেতে কিছু খারাপ সময় যাচ্ছিল, আমি মনে করি এই সিরিজটা তাকে আলাদা আত্মবিশ্বাস দেবে।’ তিনি আরও যোগ করেন, ‘যেহেতু আমাদের চার, পাঁচ ও ছয়ে মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল, তারা দেড় বছর ধরে না থাকায় এই জায়গায় আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার, যে ১২-১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এই জায়গায় লিটনের থিতু হওয়াটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ দিক হবে।’ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট থাকলেও পাকিস্তানের বিপক্ষে উইকেট ছিল পুরোপুরি স্পোর্টিং। মিরপুরের পিচ নিয়ে প্রচলিত ধারণা বদলে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে আশরাফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, টানা দুইটা সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্সে। সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি। এতদিন সবাই বলতো মিরপুরে স্পোর্টিং উইকেট বানানো কঠিন। কিন্তু এই প্রথম আমরা তিনটা ম্যাচ খেলেছি যেখানে পেসার, স্পিনার ও ব্যাটার- সবাই হেল্প পেয়েছে। যারা ভালো তারা সবাই এই উইকেটে উপভোগ করেছে। আমি বলব ভালো একটা সিরিজ কাটিয়েছি আমরা।’ এসকেডি/আইএইচএস/