TheBangladeshTime

২০০ কেজির বোল মাছ বিক্রি আড়াই লাখে

2026-03-05 - 14:54

সেন্টমার্টিনে অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২০০ কেজির ওজনের একটি বোল মাছ। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলেদের জালে ধরা পড়লো একটি বড় বোল মাছ। মাছটির ওজন প্রায় ২০০ কেজি। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় তিনি বিক্রি করে দেন। মাছটি টেকনাফ বাজারে নিয়ে কেটে খুচরা বিক্রি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রায়মাস বোলা) শীত মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়া একটি মূল্যবান ও বিরল প্রজাতির মাছ। সাধারণত এসব মাছের ওজন ৫ থেকে ১৫ কেজি হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজির বেশি ওজনের বড় বোল মাছও জেলেদের জাল বা বড়শিতে ধরা পড়ে। তিনি জানান, বড় আকারের বোল মাছ বাজারে উচ্চমূল্যে বিক্রি হয় এবং জেলেদের কাছে এটি অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয়। আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন বঙ্গোপসাগরে একটি ২০০ কেজি ওজনের বোল মাছ পেয়েছে বলে জানা গেছে। জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

Share this post: