TheBangladeshTime

বলিউডের অন্দরমহল নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর

2026-03-07 - 04:03

দীর্ঘদিন ধরেই বলিউডের পর্দা থেকে খানিকটা দূরে আছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। মাঝে মধ্যে রিয়েলিটি শো কিংবা বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেলেও গত কয়েক বছরে তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। তবে ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কের কারণে প্রায়ই আলোচনায় উঠে আসে তার নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরমহল নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে গোবিন্দ প্রশ্ন তোলেন, বলিউডে আদৌ কি এমন কোনো তারকা আছেন যার নাম একেবারেই বিতর্কমুক্ত? তার মতে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় সমালোচনা কিংবা বদনামের মুখে পড়তে হয়। গোবিন্দ বলেন, “এই লাইনে কার নামটাই বা পুরোপুরি পরিষ্কার? কেউ যদি একেবারে বিতর্কহীন থাকেন, তাহলে উল্টো সন্দেহই হয়। অনেক সময় মানুষ কাউকে খুব বেশি ভালোবাসে বলেই তাকে নিয়ে ভয় বা দূরত্ব তৈরি হয়। কেউ সময়মতো শুটিংয়ে আসে, ভালো মানুষ-এসব কারণে সম্মান পায় ঠিকই, কিন্তু তবু একসময় না একসময় তার নাম নিয়েও আলোচনা উঠবেই।” বলিউডের অতীত টেনে এনে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন অনেক বড় তারকাও আছেন, যাদের ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে বিতর্ক বা সমালোচনার মুখে পড়তে হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন অমিতাভ বচ্চনের নাম। গোবিন্দর দাবি, একসময় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও পরিপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও একটি সময় দীর্ঘদিন কাজের বাইরে থাকতে হয়েছিল তাকে। একইভাবে তিনি স্মরণ করেন এক সময়ের সুপারস্টার রাজেশ খান্নাকেও। গোবিন্দর মতে, ক্যারিয়ারের মাঝামাঝি সময়েই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলতে শুরু করেছিলেন, তিনি আর আগের মতো নেই, তার অভিনয় ও উপস্থিতি নাকি বদলে গেছে। শুধু অতীতের তারকারাই নন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। উদাহরণ হিসেবে তুলে ধরেন আমির খানের নাম। গোবিন্দর কথায়, “একসময় আমিরের বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই একই মানুষকে সবাই ‘পারফেকশনিস্ট’ বলে সম্মান জানাতে শুরু করেছে।” গোবিন্দর মতে, বলিউডে বিতর্ক বা বদনাম অনেক সময়ই ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তিনি বলেন, “কখনো কখনো বিষয়গুলো সীমা ছাড়িয়ে যায়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রায় সবাইকে কোনো না কোনো সময় ঠেলে সরিয়ে দেওয়া হয় বা খারাপ নাম দেওয়া হয়। আসল বিষয় হলো, সেই পরিস্থিতি থেকে কে কীভাবে ফিরে আসে।” নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল ছবির মাধ্যমে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন গোবিন্দ। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘ভাগম ভাগ’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ তার অভিনীত বহু ছবি আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়। তবে দুই হাজার সালের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে তার সেই জৌলুস। বড়পর্দায় তাকে শেষবার দেখা গেছে দুই হাজার ঊনিশ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। এদিকে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা। তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও পরে তাদের আইনজীবী জানান, কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হলেও এখন আবার দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আরও পড়ুন মোশাররফ-চঞ্চলসহ তারকাদের ফার্স্টলুকে রঙিন ‘বনলতা এক্সপ্রেস’ উল্টো কৃতজ্ঞতা জানালেন হানিফ সংকেত সব মিলিয়ে বলিউডের ঝলমলে আলো আর অন্ধকার বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে গোবিন্দ যেন আবারও মনে করিয়ে দিলেন একটি পুরোনো সত্য-তারকাখ্যাতির পথ কখনোই পুরোপুরি মসৃণ নয়। বিতর্ক, সমালোচনা আর ফিরে আসার গল্প মিলিয়েই তৈরি হয় বলিউডের তারকাদের বাস্তব জীবন। এমএমএফ/এএসএম

Share this post: