TheBangladeshTime

শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি

2026-03-16 - 04:03

পর্যটন নগরী ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর প্রায় সময় তীব্র যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে পড়তে হয় শহরের বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের। এ যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়সহ পর্যটকরা। স্থানীয়দের অভিযোগ, শহরের হবিগঞ্জ রোডে দিনের বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে। এছাড়া স্টেশন রোড, ভানুগাছ ও মৌলভীবাজার রোডে নিয়মিত যানজট দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ঈদকে সামনে রেখে শহরের কাপড়ের দোকান, মুদির দোকানসহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসেছেন। তবে এসব বেশিরভাগ মানুষকেই যানজটের ভোগান্তিতে পড়েছেন। যানজটের কারণে গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। কেউ আবার গাড়ি রেখেই গন্তব্যে হেঁটে গেছেন। স্থানীয়রা বলছেন, শহরের যানজট নিরসনে দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ছুটির দিনগুলোতে পর্যটকের চাপ বাড়লে সারা শহরে যানযট লেগে থাকে। যানজটের বড় কারণ হচ্ছে ব্যাটারিচালিত টমটম ও ইজিবাইক। কয়েক হাজার এসব গাড়ি আছে যা সবসময় রাস্তার অনেকটা অংশ নিয়ে রাখে। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। শহরের ব্যবসায়ী মামুন আহমেদ, বেলাল আহমদ বলেন, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এসব অটোরিকশা আঞ্চলিক মহাসড়কসহ শহরের ব্যস্ত সড়কগুলোতে নির্বিঘ্নে চলাচল করছে। কোথাও কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নিয়ম মানা হচ্ছে না। যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে যানজট আরও বাড়ছে। শ্রীমঙ্গল শহরে কাপড় কিনতে আসা জায়েদ আহমেদ বলেন, আমি রাজনগর থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে এসেছি। ভানুগাছ সড়কের রেল গেইট থেকে তীব্র যানজট ছিল। পরে আমি সেখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে গিয়েছি। স্থানীয় উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, শহরের যানজট নিরসনে শ্রীমঙ্গলে বাইপাস সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে। সড়কটির দৈর্ঘ্য হবে ৬ দশমিক ২ কিলোমিটার, প্রস্থ ১০ দশমিক ৩ মিটার। রোড ডিভাইডারসহ ৬ দশমিক ২ কিলোমিটারের মধ্যে ১১টি কালভার্ট, ১টি ব্রিজ ও ল্যাম্ব পোস্ট থাকবে। শ্রীমঙ্গলের সকিনা সিএনজি পাম্পের উত্তর পাশ হয়ে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কারিতাস কারিগরি কেন্দ্রের পাশে যুক্ত হবে। যার ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি টাকা। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। শ্রীমঙ্গল ট্রাফিক সার্জেন্ট (টিআই) হাসান আল মামুন বলেন, শ্রীমঙ্গল শহরে ব্যাটারিচালিত রিকশা, টমটমের সংখ্যা বেড়েছে। এগুলো শহরে চলাচলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও পর্যটন নগরী হওয়ায় অনেক পর্যটক তাদের গাড়ি রাস্তার পাশে থামিয়ে জিনিসপত্র কেনেন। সেই কারণেও যানজট হয়। আমরা যানজট নিরসনে সবসময় কাজ করছি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল শহরটি মৌলভীবাজার জেলার আগমন ও প্রস্থানের গেটওয়ে। শহরের মূল সড়কগুলো অত্যন্ত সরু। পাশাপাশি যান চলাচল বৃদ্ধির কারণে সড়কে যানজট লেগে থাকে। এখানে বছরজুড়েই অসংখ্য পর্যটকের সমাগম ঘটে। যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে শ্রীমঙ্গলে বাইপাস সড়ক নির্মাণের জন্য একটি প্রস্তাব পাশ করা হয়েছে। আশা করি বাইপাস সড়ক নির্মাণ করা হলে যানজট অনেকটা কমে আসবে। এম ইসলাম/এনএইচআর/জেআইএম

Share this post: