TheBangladeshTime

শেখ সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক

2026-03-01 - 13:14

প্রায় সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। এছাড়া ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে ও মেয়ের নামে থাকা অবৈধ সম্পদের খোঁজে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। দুদক জানায়, শেখ সেলিমের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে সন্দেহ করছে দুদক। অধিকতর তদন্ত ও সম্পদ উদঘাটনের লক্ষ্যে তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিম, তাদের দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। দুদক সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এসএম/এমআরএম

Share this post: