TheBangladeshTime

ঢাকা উত্তর সিটির কেন্দ্রীয় জামাত সকাল ৮টায় বাণিজ্য মেলার পুরোনো মাঠে

2026-03-15 - 10:05

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন বাণিজ্য মেলার পুরোনো মাঠে এ জামাত হবে। জামাত আয়োজন উপলক্ষে রোববার (১৫ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এসময় ঈদের নামাজ অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় জানানো হয়, নগরবাসীর জন্য সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা রাখা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন ট্রাফিক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সভায় ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সব ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমএমএ/একিউএফ

Share this post: