TheBangladeshTime

১০২ রানের বিশাল জয়ে সুপার এইটে পাকিস্তান

2026-02-18 - 13:03

এই ম্যাচটা ছিল পাকিস্তানের বাঁচামরার। কোনোমতে পঁচা শামুকে পা কাটলে বিদায় নিতে হতো আনপ্রেডিক্টেবলদের। তবে অঘটন হয়নি। বরং নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রেখেছে সালমান আলি আগার দল। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে দ্বিতীয়পর্বে উঠেছে পাকিস্তান, হেরেছে কেবল ভারতের কাছে। নামিবিয়া ৪ ম্যাচের সবকটি হেরেছে। কলম্বোতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। নামিবিয়ার দুজন ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন-লরেন স্টিনক্যাম্প (২২ বলে ২৩) আর আলেকজান্ডার বুসিং (২০ বলে ২০)। পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪টি আর শাদাব খান ১৯ রানে শিকার করেন ৩টি উইকেট। এর আগে বাঁচামরার লড়াইয়ে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। কলম্বোতে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ১২ বলে ১৪ রানে থামেন সাইম আইয়ুব। ২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দেন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে। তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন সাহিবজাদা। ৩৭ বলে ফিফটির পরের ২০ বলে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। শেষদিকে নেমে ২২ বলে ১ চার আর ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৮ রান। এমএমআর

Share this post: