TheBangladeshTime

মনপুরায় লোকালয় থেকে আরও ৩ হরিণ উদ্ধার

2026-03-25 - 11:01

ভোলার মনপুরায় লোকালয় থেকে তিনটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ও মাস্টার হাট এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের বাতান খাল সংলগ্ন ইয়াছিন সর্দারের বাড়ির পাশে একটি হরিণ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এটি উদ্ধার করে বন বিভাগ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজারের লতা খাল এলাকা থেকে আরেকটি এবং মাস্টার হাট সংলগ্ন বাহার উকিলের বাড়ির পাশ থেকে তৃতীয় হরিণটি স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, হরিণ তিনটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনটি হরিণই সুস্থ আছে। দুপুরের দিকে প্রাণীগুলোকে দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হরিণগুলো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) একই ইউনিয়ন থেকে আরেকটি হরিণ উদ্ধার করা করা। জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

Share this post: