TheBangladeshTime

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু

2026-03-17 - 08:34

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড (দেশভিত্তিক বিজয়ী) অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্রী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা পিনু রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) প্রতিযোগিতাটির অফিসিয়াল ওয়েবসাইটে ন্যাশনাল ও আঞ্চলিক অ্যাওয়ার্ডের বিজয়ী ও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে ‘থ্রেডস অব লাইফ’ বা ‘জীবনের বুনন’ শিরোনামে পাটশ্রমিকদের দৈনন্দিন জীবনচিত্র তুলে ধরা ছবির জন্য এ সম্মাননা পান তিনি। ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন এবং সনি’র যৌথ আয়োজনে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছরের আসরে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৪ লাখ ৩০ হাজারের বেশি ছবি জমা পড়ে, যা প্রতিযোগিতাটির ব্যাপকতা ও জনপ্রিয়তা তুলে ধরে। ন্যাশনাল অ্যাওয়ার্ড বিভাগে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে প্রতিটি দেশের একজন করে বিজয়ী নির্বাচন করা হয়। বাংলাদেশ থেকে এ বছর সেই স্বীকৃতি অর্জন করেন পিনু রহমান। বিজয়ী হিসেবে তিনি সনির ডিজিটাল ইমেজিং সরঞ্জাম পাবেন। পাশাপাশি তার পুরস্কারজয়ী ছবি প্রদর্শিত হবে লন্ডনের ঐতিহাসিক সমারসেট হাউজে, যা আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। এছাড়া তার ছবি প্রতিযোগিতার অফিসিয়াল ফটোবুকেও প্রকাশিত হবে। বিজয়ের অনুভূতি জানিয়ে পিনু রহমান বলেন, ‘একজন আলোকচিত্রী হিসেবে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়াই আমার লক্ষ্য। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে আমার আলোকচিত্র চর্চায় একটি বড় অর্জন। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের। আমি আমার কর্মস্থল রূপালী ব্যাংক ও পরিবার বিশেষ করে আমার স্ত্রীর প্রতি কৃতজ্ঞ, যার ত্যাগ ও সমর্থন ছাড়া এ পথচলা সম্ভব হতো না।’ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন পিনু রহমান। তার তোলা ছবি প্রকাশিত হয়েছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যমে, যেমন দ্য টাইমস, গার্ডিয়ান, ডয়চে ভেলে, আল জাজিরা, নিক্কেই এশিয়ায়। আন্তর্জাতিক অঙ্গনে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ পর্যন্ত দেশে-বিদেশে ৫০টিরও বেশি গ্রুপ প্রদর্শনীতে অংশ নিয়েছেন পিনু রহমান। চলতি বছর জাপানে তার একটি একক আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে। সমাজ, সংস্কৃতি ও মানবিক গল্পকে কেন্দ্র করে তার ধারাবাহিক কাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছে সাফল্যের সঙ্গে। ইএআর/এমএমএআর

Share this post: