TheBangladeshTime

মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করলো মরিশাস

2026-03-02 - 05:54

মরিশাস প্রজাতন্ত্র তাৎক্ষণিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। শুক্রবার মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক একীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মালদ্বীপ সরকারের সাম্প্রতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মরিশাসের অভিযোগ, মালদ্বীপ এখন চাগোস দ্বীপপুঞ্জ-এর ওপর মরিশাসের সার্বভৌমত্ব আর স্বীকৃতি দিচ্ছে না এবং মরিশাস ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া চুক্তির বিরোধিতা করছে। মরিশাস সরকার একে তাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত মরিশাসের জাতীয় স্বার্থরক্ষা এবং সার্বভৌমত্বের নীতির প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত মহাসাগরীয় অঞ্চলের কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং চাগোস দ্বীপপুঞ্জ ইস্যুকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারে। এমআরএম/জেআইএম

Share this post: