পুলিশের ভুল ধরিয়ে দিলে সংশোধনের চেষ্টা করবে: ডিএমপি কমিশনার
2026-03-15 - 15:14
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার। তিনি বলেন, কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিলে পুলিশ তা সংশোধনের চেষ্টা করবে। রোববার (১৫ মার্চ) ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গত ১৭ বছর আমরা মাঠের বিভিন্ন সাইডে কাজ করেছি। ট্যুরিস্ট পুলিশ বা নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিটে থাকাকালীন সাংবাদিকদের সঙ্গে সেভাবে দেখা বা কথা হওয়ার সুযোগ হয়নি। তবে ডিএমপিতে আসার পর সাংবাদিকদের সঙ্গে যে মিথস্ক্রিয়া হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। তিনি আরও বলেন, আপনারা পুলিশের নিউজগুলো ইতিবাচকভাবে কাভার করছেন। কোনো কোনো ক্ষেত্রে পুলিশের কোনো বিষয়ে সমস্যা থাকলে আপনারা আমাদের কানে কানে বললে আমরা তা সংশোধনের চেষ্টা করছি। আশা করি আমাদের এই সমন্বয় বা সম্পর্ক আরও উন্নত হবে এবং কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। পুলিশের গঠনমূলক প্রতিবেদনের প্রশংসা করে ডিএমপি কমিশনার একটি উদাহরণ টেনে বলেন, ট্রাফিক পুলিশের দুরবস্থা নিয়ে একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর কর্তৃপক্ষ প্রথমে চিন্তিত হলেও পরে দেখা গেছে সেটি অত্যন্ত ইতিবাচক ও তথ্যবহুল ছিল। ওই রিপোর্টের পর আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট রিপোর্টার ও সম্পাদককে ধন্যবাদ জানিয়েছি। তথ্য আদান-প্রদানের বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না। তবে খুদেবার্তা (মেসেজ) দিলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের মিডিয়া শাখা থেকেও সব তথ্য পাওয়া সম্ভব। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পুজা কুমারী ঝাঁ, সিঙ্গাপুর হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (ভিসা ও কনস্যুলার) হিউ কং সিয়াং। এসময় ক্র্যাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিটি/ইএ