TheBangladeshTime

কাঁচা পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলে আবেদনের সময় বাড়লো

2026-02-23 - 02:23

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কাঁচা পাট রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক কাঁচা পাট রপ্তানিকারকদের বিদ্যমান ঋণের ক্ষেত্রে ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে পুনঃতফসিলের আবেদনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। তবে রপ্তানি কার্যক্রমে নানা জটিলতার কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। খাতটির চলমান সংকট বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক তার শ্রেণিকৃত (খেলাপি) ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে পুনঃতফসিলের আবেদন করতে পারবেন। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংকটে থাকা কাঁচা পাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন এবং রপ্তানি খাতে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ইএআর/এএমএ

Share this post: