TheBangladeshTime

গণভোটের ফলাফলে বোঝা যায় বেশিরভাগ মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না

2026-02-14 - 07:06

গণভোটের ফলাফলে বোঝা যায় বেশিরভাগ মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না বলে মন্তব্য করেছেন গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ভোট দিয়েছেন ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ভোটার, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি (৬৮.০৬ শতাংশ) এবং ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার। ভোটারদের অংশগ্রহণ ৬০ শতাংশের বেশি, যা জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশেরও বেশি বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, নাগরিকরা সুস্পষ্ট ও দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। এ ফলাফল থেকে বোঝা যায়, দেশের বৃহদাংশ জনগণ পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না; তারা পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার চান। গণভোটের প্রাক্কালে প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, একটি জাতীয় রূপান্তর একক সিদ্ধান্তে টেকসই হয় না; পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। জনগণ সেই আহ্বানে সাড়া দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায়কে কেবল সংখ্যার বিচারে না দেখার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, এটি ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের জনআকাঙ্ক্ষার প্রকাশ। প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সহযোগিতার জন্য রাজনৈতিক দল, প্রশাসন, সিভিল সোসাইটি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষভাবে জুলাই শহীদদের পরিবার, জুলাইযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও সুজনের ভূমিকার কথা উল্লেখ করেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে প্রচার ভিডিও ও ভোটের গাড়ির মাধ্যমে বার্তা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্যোগকে অভূতপূর্ব ও অভাবনীয় বলে অভিহিত করেন আলী রীয়াজ। মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ইতিবাচক ও সমালোচনামূলক—সব ধরনের কণ্ঠস্বরই গণতান্ত্রিক সমাজে অপরিহার্য। গণরায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি আলাপ–আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি এবং তরুণদের দেশের ভবিষ্যৎ গঠনে অগ্রণী হওয়ার আহ্বান জানান। ইএ

Share this post: