আয়কর রিটার্ন দাখিল ছাড়াল ৪০ লাখ
2026-03-04 - 14:44
২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করেছেন। একই সময়ে প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানান এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এর আগে, এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে চলতি কর বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ই-রিটার্ন কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। জানা যায়, ২০২৫ এর আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ এক হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন রিটার্ন দাখিল করেন। চলতি বছরের জানুয়ারি মাসে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন জমা দিয়েছিলেন। এনবিআর আরও জানায়, দাখিল হওয়া ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী। করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ ও ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী করদাতা। ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ ও ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ ও ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ ও ৫ হাজার ১১৭ জন নারী করদাতা। সম্পদের পরিমাণের ভিত্তিতে সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন। এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd-এ পাঠিয়ে আবেদন করলে ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাচ্ছেন। এর মাধ্যমে প্রবাসীরাও সহজে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন। এছাড়া কোনো কাগজপত্র আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য অনলাইনে প্রদান করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট নেওয়ার সুবিধাও থাকছে। রিটার্নে ভুল হলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এরই মধ্যে ২০২৫-২৬ কর বছরের ৫৬ হাজারের বেশি সংশোধিত রিটার্ন জমা পড়েছে। ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআর কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে যোগাযোগ করা যাচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে লিখিত অভিযোগ ও সহায়তা গ্রহণের সুযোগ রয়েছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সেবা দেওয়া হচ্ছে। জরিমানা এড়াতে ব্যক্তি শ্রেণির করদাতাদের এসএমএসের মাধ্যমে ই-রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে এনবিআর। ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩১ মার্চের মধ্যে দাখিলের জন্য সব করদাতাকে অনুরোধ করা হয়েছে। এসএম/এমএমকে