সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যা বললেন আসিফ আকবর
2026-03-09 - 09:24
লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি সোমবার (৯ মার্চ) যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফকে খালাস দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জাগো নিউজকে বলেন, 'গত আট বছর ধরে বিভিন্ন কারণে কোর্টে নিয়মিত আসছি। কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করিনি। কোনো রাজনৈতিক খাতে মামলা নিয়ে যাওয়ার চেষ্টা করিনি। আইনিভাবে মামলা মোকাবেলার চেষ্টা করেছি। এই দীর্ঘ মামলার কারণে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও পরিবার কষ্ট পেয়েছিলেন। আজকে এসব অভিযোগ থেকে মুক্তি পেলাম।' মামলায় সাক্ষ্যগ্রহণের পর আজকের দিন যুক্তিতর্কের জন্য ধার্য ছিল। মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। বাদী ছিলেন সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার। এছাড়া তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম সাক্ষ্য দেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফের অফিস কক্ষে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো মাদকদ্রব্য অধিদফতরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। মামলাটি ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় দায়ের করা হয়েছিল। এমডিএএ/এলআইএ