TheBangladeshTime

মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন?

2026-03-20 - 09:51

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির শীর্ষ নেতারা প্রতি বছরের মতো এবারও দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করবেন। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।তবে দলের মহাসচিবসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রাজধানী ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান এবং মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় থাকবেন। তবে ঈদের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে নিজ এলাকায় ঈদ করবেন। একইভাবে আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। একই পদমর্যাদার উপদেষ্টা নজরুল ইসলাম খানও অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় দেশে ঈদ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায় থাকবেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় ঈদ উদযাপন করবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ করবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা সদরে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ উদযাপন করবেন। পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ করবেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙামাটিতে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন। সড়ক, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন। এতে ঢাকাস্থ কূটনীতিক, রাজনৈতিক নেতারা, সংসদ সদস্য, মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দলের নেতারা অংশ নেবেন। তিনি আরও জানান, ঈদের দিন বিএনপির সিনিয়র নেতারা সকালে জাতীয় ঈদগাহ ময়দানসহ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। শায়রুল জানান, এরপর অনেকেই নিজ নিজ গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। কেএইচ/জেএইচ

Share this post: