TheBangladeshTime

জঙ্গল সলিমপুরে অভিযানে গ্রেফতার ১৫, যৌথবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন

2026-03-09 - 14:04

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে প্রায় ১২ ঘণ্টা অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে ১৫ জনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল থেকে আপাতত অভিযান বন্ধ রয়েছে। তবে ওই এলাকায় যৌথবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। অভিযানের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীসহ শহরগামী মানুষ। কেউ কেউ দূরের বিকল্প পথ হয়ে শহরে প্রবেশ করলেও অনেকেই লিংক রোড ব্যবহার করতে গিয়ে পড়েছেন বিপাকে। আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে: চট্টগ্রামের ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘পুলিশের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব আর জেলা প্রশাসনের বিরাট একটি অংশ মিলে অভিযানে অংশ নিয়েছে। এবার আমরা সফল হয়েছি বলে মনে করছি। এই জায়গার ওপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জঙ্গিল সলিমপুরে এখন থেকে পুলিশ ও র‍্যাবের দুটি ক্যাম্প থাকবে। পুলিশ যেন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেজন্য বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন।’ ডিআইজি বলেন, ‘এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার ওপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এটা আমরা করতে সক্ষম হয়েছি।’ অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধার হয়েছে। এখানে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, সেহেতু এখন পর্যন্ত কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে আমরা এখনো জানতে পারিনি।’ এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

Share this post: