TheBangladeshTime

কৃষকের ঘর ভাঙচুর মামলায় বিএনপি নেতাসহ আসামি ৩০

2026-03-15 - 11:13

লক্ষ্মীপুরের কমলনগরে হামলা চালিয়ে রেজাউল হক নামে এক কৃষকের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে মনিরুল হক মনির নামে এক বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেছেন। রোববার (১৫ মার্চ) দুপুরে বাদির আইনজীবী মহসিন কবির মুরাদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্তরা বাদীর বসতঘর ভাঙচুর ও ভিটি কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল কমলনগর আদালতে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আরিফ হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই ডিবিতে তদন্তের আদেশ কপি যাবে। অভিযুক্ত মনির উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অন্যরা হলেন- মনিরের ছেলে হারুন চৌধুরী জুয়েল, আকরাম হোসেন, মেয়ে মুন্নি বেগম, স্ত্রী জেসমিন বেগম ও অজ্ঞাত ২৫ জন। মামলা সূত্র জানায়, বসতভিটার জমি বাদী শাহিদার স্বামী রেজাউলের ওয়ারিশ ও ক্রয়কৃত জমি। ৩ বছর আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে তারা বসবাস করে আসছে। বিএনপি নেতা মনির জোরপূর্বক তাদের জমি দখল করার পাঁয়তারা করে আসছে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্যদের জানালে মনির তাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরেই ১১ মার্চ ভোরে মনিরসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় ঘরটি সম্পূর্ণ ভেঙে ফেলে। একপর্যায়ে ভিটি কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে বাদীসহ তার স্বামী ও পুত্রবধূকে মারধরের চেষ্টা করে। ঘটনাস্থলে পুনরায় ঘর উত্তোলন করে রেজাউলহকসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। ঘর ভাঙচুরে তাদরে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাদীর ছেলে আজিজুল হক আজগর বলেন, আমরা খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমাদের থাকার মতো কোন ঘর নেই। পুরো ঘর বিএনপি নেতা মনির মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি। মনিরদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। কিন্তু হঠাৎ করে তিনি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত লোকজন এনে ভোররাতে আমাদের ঘর ভাঙচুর করে। বিএনপি নেতা মনিরুল হক মনির বলেন, জমিটি আমাদের। তারা জোরপূর্বকভাবে এখানে বসবাস করছে। নিজেদের ঘর নিজেরা ঘরে ভেঙে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের অভিযোগ মিথ্যা। কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় খোঁজ খবর নেওয়া হবে। কাজল কায়েস/এনএইচআর/এমএস

Share this post: