TheBangladeshTime

কোপা ফাইনালে অ্যাটলেটিকোর সঙ্গী রিয়াল সোসিয়েদাদ

2026-03-05 - 06:34

বাস্ক ডার্বিতে দারুণ এক জয় তুলে নিয়ে কোপা দেল রে ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। রেয়ালে অ্যারেনায় অ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠলো তারা। ফাইনালে সোসিয়েদাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে সান মামেসে ১-০ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়াতে ডোনোস্তিয়ায় আক্রমণাত্মক শুরু করেছিল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। শুরুর দিকে ইনাকি উইলিয়ামসের বাড়ানো বল থেকে আলেক্স বেরেঙ্গের একটি ভালো সুযোগ পান, তবে তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গুরুত্বপূর্ণ সেই সুযোগ হাতছাড়া করাই শেষ পর্যন্ত অ্যাথলেটিকের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল সোসিয়েদাদ। কার্লোস সোলেরের ফ্রি-কিক কর্নারের দিকে যাচ্ছিল; কিন্তু গোলরক্ষক আলেক্স পাদিয়া দারুণ সেভ করে দলকে বাঁচান। ডার্বি ম্যাচের স্বভাবসুলভ উত্তেজনায় কিছু কঠোর ট্যাকলও দেখা যায়, তবে তা স্বাগতিকদের ছন্দ নষ্ট করতে পারেনি। ম্যাচের মাঝামাঝি সময়ে মাইকেল ওইয়ারজাবাল দারুণ একটি আক্রমণ গড়ে তোলেন। গনসালো গেদেসের পাস থেকে আন্দের বারেনেতসেয়া শট নেওয়ার সুযোগ পেলেও আইতোর প্যারেদেস তা প্রতিহত করেন। পরে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পাচ্ছিল না লা রেয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে এলেও সোসিয়েদাদই ছিল বেশি কার্যকর। জন মার্তিন ও ইয়াঙ্গেল এরেরার দুটি হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। অ্যাথলেটিক ক্লাব ম্যাচে ফেরার মতো কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। শেষদিকে নাটকীয়তা তৈরি হয়। বক্সের ভেতরে ইয়াঙ্গেল এরেরার জার্সি টেনে ধরেন বদলি নামা ইনিয়িগো গ্যালারেতা। রেফারি প্রথমে খেলা চালিয়ে দিলেও ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন। ১২ গজ দূর থেকে ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোলরক্ষককে ভুল পথে পাঠান মাইকেল ওইয়ারজাবাল। তার সেই গোলেই নিশ্চিত হয় জয়। এ জয়ে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে ফাইনালে ওঠে রিয়াল সোসিয়েদাদ। আগামী ১৮ এপ্রিল লা কার্তুহায় অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা সেমিফাইনালে বার্সেলোনাকে বিদায় করেছে। একই সপ্তাহে লা লিগাতেও মুখোমুখি হবে দুই দল, ফলে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে আগেভাগেই। দারুণ সংগঠিত পারফরম্যান্সে ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত সোসিয়েদাদ সমর্থকেরা, আর বাস্ক ডার্বির এই জয়ে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে লা রেয়ালের। আইএইচএস/

Share this post: