তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি ৮ এপ্রিল
2026-03-15 - 11:24
জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে নয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি হবে আগামী ৮ এপ্রিল। রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দিন ঠিক করেন। মামলার আসামিদের মধ্যে আছেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া, স্থানীয় কাউন্সিলর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন চারজন। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। ওই দিনই প্রসিকিউশনের দেওয়া এ অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলায় আনা তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ নয়জন শহীদ হন। আহত হন আরও অনেকে। এফএইচ/একিউএফ