TheBangladeshTime

দুদকের মামলায় বেরোবি প্রকল্প দুর্নীতি: তদন্ত প্রতিবেদন ২০ মে

2026-03-03 - 08:43

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল। তবে তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল না করায় বিচারক সাব্বির ফয়েজ নতুন তারিখ নির্ধারণ করেন। গত বছরের ১৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করেন। এতে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটির বেশি টাকার চুক্তি সম্পাদন এবং আর্থিক বিধি লঙ্ঘনের মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে। ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত এফডিআর হিসেবে ব্যাংকে সংরক্ষণ করার পর সেই অর্থ ঠিকাদারকে ঋণ হিসেবে দিতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন ও গ্যারান্টার হওয়ার মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া অগ্রিম অর্থ প্রদানের বিধান না থাকা সত্ত্বেও বিল দেওয়া, অগ্রিম সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে দ্বিতীয় প্রতিষ্ঠান নিয়োগ এবং পিপিআর ২০০৮ অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও উত্থাপিত হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান। এমডিএএ/এসএনআর

Share this post: