এখন পর্যন্ত আমরা সফল: ঈদযাত্রা প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী
2026-03-18 - 10:22
ঈদ কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি স্থায়ীভাবে কমাতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার (১৮ মার্চ) দুপুরে পাটুরিয়াঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নৌপথ, সড়কপথ ও রেলপথসহ তিন পথেই আমরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। যে কারণে ঈদে প্রত্যেকটা পথের যাত্রীর মুখে স্বস্তির নিঃশ্বাস। এখন পর্যন্ত আমরা সফল। আগামীকাল যদি ভালোমতো পার হয়, তাহলে এবারের ঈদযাত্রা ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘ফিরতি পথে আমরা আবার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো। আমাদের প্রত্যেকটি দপ্তর নতুন নতুন কিছু পদক্ষেপের কারণে এই সুফলটা আপনারা পেয়েছেন।’ এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন এবং বিআইডব্লিউটিএর আরিচা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মো. সজল আলী/এসআর/এএসএম