TheBangladeshTime

সাকিবের ফেরা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে কাজ করছে

2026-03-04 - 14:04

দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কয়েকদিন আগে। বিসিবি এরই মধ্যে সাকিবের আইনি সংক্রান্ত ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছে। বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর আশা করছেন, আইনি জটিলতা নিরসন করে দ্রুতই জাতীয় দলে ফিরবেন সাকিব। বুধবার (৪ মার্চ) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘ইয়াং টাইগার্স’ অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আসিফ। অনুষ্ঠানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের নির্বাচক মেহরাব হোসেন অপিও উপস্থিত ছিলেন। সেখানে সাকিবের বর্তমান পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, ‘সাকিবের মাঠে ফেরাকে ঘিরে যে আইনগত জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে কাজ করছে।’ সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ড কতটা তৎপর, তা পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘সাকিবের বিষয়টি বিসিবি গুরুত্বের সঙ্গে দেখছে। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিসিবির লিগ্যাল এইড টিম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত দেশের ক্রিকেটে সাকিবকে দেখা যাবে।’ একই সময়ে কক্সবাজার স্টেডিয়ামের আধুনিকায়ন নিয়ে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এই পরিচালক। আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘স্টেডিয়াম ঘিরে এমিউজমেন্ট পার্ক এবং তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, গ্যালারি সম্প্রসারণসহ বেশ কিছু কাজ এখনো বাকি। বর্তমানে নিয়মিত ম্যাচ আয়োজন করা হলেও আন্তর্জাতিক বা বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের মতো পূর্ণাঙ্গ সুবিধা এখনো তৈরি হয়নি।’ এসকেডি/এমএমআর

Share this post: