TheBangladeshTime

ফরিদপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার অভিযোগ

2026-02-25 - 10:53

ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ (১৫) নামের এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে অপর শ্রমিকের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত সজিব শরীফ পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। তিনি মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে সজিব মেশিন দিয়ে শরীর পরিষ্কার করতে যান। এসময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক তার পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেন। পরে অজ্ঞান হয়ে পড়েন সজিব। সঙ্গে সঙ্গে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান। নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব ছিলেন মেজ। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, বাতাস ঢুকে সজিবের নাড়ি ছয় জায়গা ছিদ্র হয়ে গেছে। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়। অভিযুক্ত রিহাদ শেখ পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এন কে বি নয়ন/এসআর/এএসএম

Share this post: