নাফ নদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
2026-03-17 - 13:31
কক্সবাজারের টেকনাফের চার জেলেকে নৌকাসহ মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে তাদের নিয়ে যায়। শাহ পরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, শনিবার সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। আটক জেলেদের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানাতে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। তবে ওই জেলেদেরকে মিয়ানমার না বাংলাদেশ কোন সীমান্ত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, তিনি খোঁজখবর নিচ্ছেন। জাহাঙ্গীর আলম/এমএন/এমএস