অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
2026-03-16 - 05:13
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন সহজেই অনলাইনে আবেদন করে রিটার্ন জমা দেওয়ার অতিরিক্ত সময় পেতে পারবেন। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। সংস্থাটি জানায়, ২০২৫–২০২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির প্রায় সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এরই মধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি বছর ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে কোনো করদাতা যদি নির্ধারিত সময়ের আগে লিখিতভাবে আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন। রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এনবিআর জানায়, করদাতারা এখন ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। অনলাইনে দাখিল করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। আবেদন অনুমোদিত হলে করদাতা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জানিয়েছে, অনলাইনে আবেদন করার জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা বাধ্যতামূলক এবং আবেদনটি অবশ্যই ৩১ মার্চ আগে করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সংশ্লিষ্ট কর সার্কেলে সরাসরি লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। এদিকে সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চ এর মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর। এসএম/এমআরএম