TheBangladeshTime

বাদ পড়ছেন তানজিম সাকিব, কয়েকজনের চোটে দল ঘোষণায় বিলম্ব!

2026-03-03 - 12:34

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। খেলা গড়িয়েছে সেমিফাইনালে। তারপরও বাংলাদেশে অন্য যে কোনো বিশ্ব আসরের চেয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দর্শক-ক্রিকেট অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনা অনেক কম। আসলে এবার বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা না-খেলা নিয়ে বিস্তর আলোচনা-পর্যালোচনা, চায়ের কাপে ঝড়, পত্রপত্রিকায় লেখালেখি, টিভি ও অনলাইনে নানা প্রতিবেদন তৈরি হয়েছে। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি সঠিক না বেঠিক—পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক চলছে। হয়তো চলবে আরও অনেক দিন। এর মধ্যেই সামনে চলে এসেছে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ। পাকিস্তান দল ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশ দল কবে দেবে? সেই সিরিজে কারা খেলবেন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে? এখন ক্রিকেটপাড়ায় তা নিয়েই যত আলোচনা। জাগো নিউজের পাঠকেরা ২৪ ঘণ্টা আগেই সম্ভাব্য টাইগার স্কোয়াড সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ৩ মার্চ দল ঘোষণা না হলে ৪ মার্চ হবে। সর্বশেষ খবর অনুযায়ী, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ দল ঘোষণার সম্ভাবনা খুব কম, নেই বললেই চলে। ভেতরের খবর, নির্বাচকেরা এখনো বোর্ডে দল জমা দেননি। এরপর বোর্ডপ্রধান ও বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন—সব মিলিয়ে আরও এক দিন সময় লাগতে পারে। আজ উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল চলছে। খেলা চলাকালীন কিংবা ইনিংস বিরতিতে দল ঘোষণা করলেই তো হতো—মিডিয়াপাড়ায় এমন কথাও উঠেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দল গঠনে বিলম্বের কারণ আছে। টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার ও নির্বাচকেরা মুখে কিছু না বললেও জানা গেছে, কয়েকজন ক্রিকেটারের সুপ্ত ইনজুরি রয়েছে। সামনে ব্যস্ত সূচি থাকায় টিম ম্যানেজমেন্ট কোনো ছোটখাটো ইনজুরি নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। তাই গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দল খেলেছিল, সেখান থেকে অন্তত দুইজন ক্রিকেটার ইনজুরির কারণে বাদ পড়তে পারেন। জানা গেছে, সেই তালিকায় তানজিম সাকিবের নাম রয়েছে। ধারণা করা হচ্ছে, ইনজুরিগ্রস্ত ক্রিকেটারদের জায়গায় বিকল্প খুঁজতেই নির্বাচকেরা বিসিএল ফাইনালটিও পর্যবেক্ষণ করছেন। ধরে নেওয়া যায়, লিটন দাস আবার দলে ফিরবেন। যেহেতু তিনি উইকেটকিপিং করেন, তাই তার ফেরা মানেই ক্যারিবীয়দের বিপক্ষে দলে থাকা তিন কিপার কাম ব্যাটার নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিকের মধ্যে অন্তত একজন বাদ পড়বে। এমনকি দুজনও জায়গা হারাতে পারেন। তাদের পরিবর্তে আকবর আলীর ডাক পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট। এতদিন ধারণা করা হতো, টি-টোয়েন্টি ফরম্যাটেই আকবর বেশি মানানসই। কিন্তু এবার বিসিএলের প্রথম দিন সেঞ্চুরি করে তিনি জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাটেও তিনি সক্ষম। সেক্ষেত্রে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের একজন কিংবা দুজনকেই জায়গা ছাড়তে হতে পারে। এআরবি/এমএমআর

Share this post: