TheBangladeshTime

চট্টগ্রামে দুই সেমাই কারখানাকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

2026-02-25 - 15:34

চট্টগ্রামে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিতে জড়িত ‘আমান ফুড প্রোডাক্টস’ ও ‌‘রফিক ফুড প্রোডাক্টস’ নামে দুই কারখানাকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া এলাকায় অবস্থিত কারখানা দুটোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা। অভিযানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের সেমাই উৎপাদন এবং খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম না মেনে অসম্পূর্ণ ও অসত্য লেবেলিংসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অভিযোগে আমান ফুড প্রোডাক্টস ও রফিক ফুড প্রোডাক্টসের মালিকপক্ষকে মোট দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান রাজিব বলেন, রমজানকে সামনে রেখে বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগ পাওয়া যাচ্ছে। বুধবার এ ধরনের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা আরোপ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমডিআইএইচ/এমএএইচ/

Share this post: