TheBangladeshTime

‘রাক্ষস’ ছবির প্রচারণায় এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম

2026-03-23 - 05:10

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ভিড়ে যখন দর্শকের আগ্রহ বাড়ছে ঠিক তখনই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পাইরেসির আশঙ্কা। এই পরিস্থিতিতে সিনেমা হল পরিদর্শনে গিয়ে পাইরেসি বন্ধে দর্শকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিয়াম আহমেদ। কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় আবারও ফিরে এসেছে পাইরেসির আতঙ্ক। সিনেমা মুক্তির পরপরই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা নির্মাতা ও প্রযোজকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে পাইরেসি নিয়ে কথা বলেন সিয়াম। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন। সিনেমাটির প্রথম দিনের দর্শক প্রতিক্রিয়ায় সন্তুষ্ট এই অভিনেতা। আন অফিসিয়ালি এক তথ্য অনুযায়ী ‘রাক্ষস’ ঈদের দিন ১৪টি শোয়ের মধ্যে ১০টি হাউজফুল নিয়ে আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা। এই সাফল্যে দর্শকদের প্রতি সিয়াম বলেন, ‘প্রথম দিন যারা সিনেমাটি দেখতে এসেছেন, তারা কোনো মতামত না জেনেই বিশ্বাস থেকে এসেছেন। তাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আশা করছি, সামনে আরও বেশি দর্শক সিনেমাটি উপভোগ করবেন।’ সিনেমা হল পরিদর্শনে গিয়ে সিয়াম পাইরেসি নিয়ে বলেন, ‘যিনি পাইরেটেড কপি দেখবেন, তিনি কখনোই চান না বাংলাদেশের সিনেমা ভালো করুক। যারা সিনেমাকে ভালোবাসেন, তাদেরই এগিয়ে আসতে হবে। সামনে যদি পাইরেটেড কপি আসে, নিজ দায়িত্বে সেটাকে ‘না’ বলতে হবে। তাহলেই পাইরেসি বন্ধ করা সম্ভব।’ মুক্তির আগেই প্রযোজক শেহরিন আক্তার সুমি জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথম দুই থেকে তিন সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে সিনেমাটি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ঈদের দিন থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সেই চলছে ‘রাক্ষস’। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এটি তার প্রথম ঢালিউড সিনেমা। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ। ছবিটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এলআইএ

Share this post: