পটুয়াখালীতে ব্যাংক পাড়ায় সক্রিয় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক
2026-03-03 - 11:24
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীতে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের সোনালী ব্যাংকের নিউ টাউন শাখা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) এবং খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)। পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) প্রায় ১২টার দিকে শহরের সোনালী ব্যাংক পিএলসি, নিউ টাউন শাখায় অবস্থান নেয় চার সদস্যের একটি সক্রিয় চক্র। ব্যাংকে আগত গ্রাহকদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সাদা পোশাকে ব্যাংক এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের অপর এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। ব্যাংকের শাখা প্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে এই চক্র সক্রিয় হয়ে উঠেছে। সন্দেহজনকভাবে কিছু ব্যক্তির চলাফেরা লক্ষ্য করলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সদস্যরা ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে ব্যাংকের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাদের আটক করা সম্ভব হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জমান বলেন, আটক তিনজনই খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অঘটন ঘটানোর আগেই তাদের গ্রেফতার করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস