TheBangladeshTime

চট্টগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাত, রাজবাড়ি থেকে স্বামী গ্রেফতার

2026-02-21 - 12:23

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় সানোয়ারা বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ি জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তিনি বলেন, অভিযুক্তকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকার নির্জন এলাকায় সানোয়ারা বেগম নামের ওই নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণে রয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, কর্ণফুলী এলাকা থেকে আসা ওই নারীর অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ভুক্তভোগী সানোয়ারা কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার প্রয়াত ছগীর আহমেদের মেয়ে। সানোয়ারা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) চাকরি করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সানোয়ারার আগের স্বামী মারা গেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ঘটনার দিন বিকেলে স্বামী হাবিব কৌশলে সানোয়ারাকে মইজ্জ্যারটেক এলাকার একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। পরে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংলগ্ন আবাসিক এলাকার নির্জন স্থানে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এমডিআইএইচ/এমএমকে

Share this post: