চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
2026-03-25 - 03:11
চারদিনের সরকারি সফরে নিজভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আলমগীর হোসাইন নাবিল/এফএ/এমএস