শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলো ম্যানসিটি
2026-03-05 - 05:04
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে অবনমন শঙ্কায় থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল। ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটি, যদিও একটি ম্যাচ হাতে আছে তাদের। ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটি। তবে ফরেস্টের সংগঠিত রক্ষণ ভাঙতে ধৈর্য্য ধরতে হয় স্বাগতিকদের। প্রথম দিকে আন্তোনি সেমেনিও জোরালো শটে সাইড নেটে বল জড়ালেও গোল পায়নি। পরে ধীরে ধীরে চাপ বাড়ায় সিটি। আরলিং হালান্ড একটি সুযোগ তৈরি করেন; কিন্তু বার্নার্দো সিলভার শট গোলরক্ষক ম্যাটস সেলসের হাতে জমা পড়ে। ফিল ফোডেনও একটি সুযোগ নষ্ট করেন। অবশেষে প্রথমার্ধে লিড পায় সিটি। রায়ান চেরকির পাস থেকে সেমেনিও ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন। জানুয়ারি ট্রান্সফারে বোর্নমাউথ থেকে আসার পর এটি ছিল তার অষ্টম ম্যাচে পঞ্চম গোল। প্রথমার্ধে ফরেস্ট খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। মরগ্যান গিবস-হোয়াইট ও ইগর হেসুসের শট সহজেই সামাল দেন জিয়ানলুইজি দোনারুমা। দ্বিতীয়ার্ধে সিটি আবারও আক্রমণাত্মক শুরু করলেও ৫৬ মিনিটে হঠাৎ সমতায় ফেরে ফরেস্ট। ডান দিক দিয়ে ওলা আইনা দৌড়ে উঠে ক্রস করেন। পেছন পোস্টে হেসুস হেড করে বল নামিয়ে দেন, আর গিবস-হোয়াইট চমৎকার ব্যাকহিলে দোনারুমাকে পরাস্ত করেন। সমতায় ফেরার পর ইতিহাদের পরিবেশ বদলে যায়। তবে সিটি দ্রুত ঘুরে দাঁড়ায়। কর্নার থেকে রদ্রি দারুণ হেডে গোল করে আবার লিড এনে দেন। ফরেস্ট গোলরক্ষককে বাধা দেওয়ার অভিযোগ তুললেও রেফারি তা আমলে নেননি। তবে নাটক এখানেই শেষ হয়নি। ম্যাচের ৭৬ মিনিটে ক্যালাম হাডসন-ওডয়ের সঙ্গে ওয়ান-টু পাস খেলে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে সমতা ফেরান এলিয়ট অ্যান্ডারসন। তার গোলেই শেষ পর্যন্ত এক পয়েন্ট নিশ্চিত হয় ফরেস্টের। শেষ মুহূর্তে দুই দলই জয়ের সুযোগ পেয়েছিল। রায়ান ইয়েটসের হেড অল্পের জন্য বাইরে যায়। সেমেনিওর ফ্রি-কিক দারুণ সেভ করেন সেলস। ম্যাচের একেবারে শেষ আক্রমণে গোলমুখে সাভিনহোর শট ব্লক হয়। এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে লিড নেওয়ার পর সিটির পয়েন্ট হারানোর সংখ্যা দাঁড়াল ১৩-তে। ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, ‘সম্ভবত সংখ্যাটা বেশি। কিন্তু আজ ৯০ মিনিটে আমরা মোটের ওপর ভালো খেলেছি। এমন কিছু ম্যাচ আছে যেখানে আমরা প্রাপ্য ছিলাম না, তবে আজকের পারফরম্যান্স খারাপ ছিল না। হয়তো হালান্ডের সঙ্গে আরও সংযোগ বাড়াতে হবে।’ অন্যদিকে নতুন কোচ ভিতর পেরেইরার অধীনে এখনো লিগে জয় না পেলেও ফরেস্ট এই ড্রয়ে রেলিগেশন জোনের বাইরে আছে, যদিও গোল ব্যবধানে। এদিকে আর্সেনালের ব্রাইটনের বিপক্ষে ১-০ জয়ের পর শিরোপা দৌড়ে উদ্যোগ এখন তাদের হাতেই। তবে সিটির হাতে একটি ম্যাচ কম এবং ১৯ এপ্রিল আর্সেনালের সঙ্গে মুখোমুখি লড়াই বাকি- যা শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এর আগে সপ্তাহান্তে এফএ কাপের ম্যাচে মনোযোগ দেবে দুই দলই। কিন্তু শিরোপা দৌড়ে এই হোঁচট সিটির জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকল। আইএইচএস/