TheBangladeshTime

গানে গানে কেটে গেল ৯ বছর

2026-02-25 - 06:34

দেশের আলোচিত অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রতিষ্ঠার নয় বছর পূর্ণ করে দশম বছরে পদার্পণ করেছে। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা গানকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এর উদ্যোক্তা কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। শুরুর পর থেকেই মানসম্পন্ন গান ও মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলে ডিএমএস। দেশের কিংবদন্তি শিল্পী থেকে শুরু করে নতুন ও প্রতিভাবান কণ্ঠশিল্পীদের গান নিয়মিত প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে এসব গান জায়গা করে নিয়েছে দর্শক-শ্রোতার পছন্দের তালিকায়। ফলে অল্প সময়েই সংগীতপ্রেমীদের কাছে নির্ভরতার একটি নাম হয়ে ওঠে ধ্রুব মিউজিক স্টেশন। ধ্রুব মিউজকি স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ শুধু গান প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি প্রতিষ্ঠানটি। সংগীতচর্চার পাশাপাশি জনপ্রিয় নাটক প্রযোজনার মাধ্যমেও নিজেদের সাংস্কৃতিক পরিসর বিস্তৃত করেছে ডিএমএস। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ শ্রোতা-দর্শক, শিল্পী-কুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শুরু থেকেই মানসম্পন্ন কনটেন্ট প্রকাশের চেষ্টা ছিল অব্যাহত। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও সংগীতের সঙ্গে থাকার প্রয়াস থেমে থাকেনি।’ ধ্রুব গুহ আরও বলেন, সংগীতই তাদের ভালোবাসা ও বিশ্বাস। আগামী দিনগুলোতেও নতুন গান, নতুন শিল্পী ও নতুন স্বপ্ন নিয়ে আরও দূরে এগিয়ে যেতে সবার সমর্থন প্রয়োজন। দীর্ঘ এই পথচলায় সংশ্লিষ্ট সবার ভালোবাসা ও সহযোগিতাকেই তিনি সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। দশম বছরে পা রেখে নতুন উদ্যমে পথচলার প্রত্যয় ব্যক্ত করেছে ধ্রুব মিউজিক স্টেশন। তাদের লক্ষ্য, বাংলা গানকে আরও সমৃদ্ধ করা এবং বৈশ্বিক পরিসরে ছড়িয়ে দেওয়া। এলআইএ

Share this post: